আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সাত দিনের মধ্যে ছয় দিন ট্রিপ সংখ্যা কমিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এ সময়ে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সাধারণ সময়ের ২৮০ থেকে ৩০০
ট্রিপের বিপরীতে দিনে আনুমানিক ১৪০টি ট্রিপ চলবে, তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (২১ মে) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)–এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ও মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত সাড়ে ৯টায় ও মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।
ট্রেন চলাচলের ব্যবধান বা হেডওয়ে সর্বনিম্ন ১২ মিনিট ও সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে এবং মোট সাতটি ট্রেনসেট পরিচালিত হবে, তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা পরিবর্তন হতে পারে। উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পরপর, ৭টা ১১ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পরপর, ১০টা ২৬ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট পরপর এবং রাত ৯টা ১ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট পরপর চলবে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন সকাল ৭টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পরপর, ১১টা ৪ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১২ মিনিট পরপর এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে ১০টা ১০ মিনিটে পর্যন্ত ১৫ মিনিট পরপর চলবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি ও র্যাপিড পাসে টাকা রিচার্জ করা যাবে।
শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট ও র্যাপিড পাস কেনাসহ কার্ড রিচার্জ করা যাবে। রাত scan ৯টা ২০ মিনিটের পর টিকিট কাউন্টার ও মেশিন বন্ধ হয়ে গেলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব স্টেশন থেকে র্যাপিড পাস সংগ্রহ করা যাবে।
এসআর