পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানজট কমাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানসহ আশপাশের বিভিন্ন জেলায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তার মতো যানজটপ্রবণ স্থানে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে সাত দিন এবং ঈদের পর আরও তিন দিন বিজিবি সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। তাদের দায়িত্বের মধ্যে থাকবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
এ ছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমেও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা করবে বিজিবি। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও নিয়ন্ত্রিত হবে।
এসআর