[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ৬:৪৬ পিএম

সংগৃহীত ছবি

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এতদিন দেশের শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকার পর এখন থেকে সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে ক্যান্টনমেন্টে

 ফিরে গিয়ে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা এবং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার পাশাপাশি ম্যুরালিটি ও ডিসিপ্লিন ঠিক রাখা।

আজ বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে এবং বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে, তবে সরকারের প্রয়োজনে যেকোনো সময় আবারও দায়িত্ব পালনের জন্য তারা প্রস্তুত রয়েছে এবং দেশের ক্রান্তিলগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করার পরও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে অভূতপূর্ব দক্ষতা ও পারফরমেন্স দেখিয়েছে তার প্রশংসা করে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর