[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)

 মিলনায়তনে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের উদ্যোগে আয়োজিত আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষিখাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত এবং কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সুযোগ থাকলেও নীতিগত ও আইনগত কিছু জটিলতার কারণে এ খাত এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

সরকার কৃষি ও কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড, ঋণ মওকুফ এবং খাল খননের মতো উদ্যোগ বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উন্নত দেশের মতোই কৃষিখাতে সরকারি সহায়তা ও ভর্তুকি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের মান বজায় রাখাও জরুরি।

চীনে বাংলাদেশ থেকে বড় পরিসরে কাঁঠাল আমদানির আগ্রহের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক মান নিশ্চিত করতে দেশে একটি আধুনিক প্যাকিং ও কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বিজ্ঞানীদের ফলের স্বাভাবিক স্বাদ নষ্ট না করে বাজারের চাহিদা অনুযায়ী ফলের রং, স্থায়িত্ব ও সংরক্ষণক্ষমতা বাড়াতে কাজ করার আহ্বান জানান।

রপ্তানি খাতের অন্যতম সমস্যা হিসেবে উচ্চ এয়ার কার্গো ভাড়ার কথা উল্লেখ করে এই সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী এবং সঠিক মান নিয়ন্ত্রণ ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে পারলে বাংলাদেশ বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে উৎপাদক, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. সেলিম খান।

অনুষ্ঠানে আম রপ্তানির সম্ভাবনা ও প্রকৃত অর্জন বিষয়ে কি-নোট পেপার উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান এবং পরে মন্ত্রী উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে আম উৎপাদনকারী চাষীদের মাঝে গ্যাপ সার্টিফিকেট তুলে দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে আম রপ্তানির উদ্বোধন করেন।

এসআর

সম্পর্কিত খবর