স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে অতীতে ঘটে যাওয়া সহিংসতা ও প্রাণহানির ঘটনা বন্ধে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, রক্তপাতহীন নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য এবং এ জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সবসময়ই বড় চ্যালেঞ্জের বিষয়।
অতীতে বিভিন্ন নির্বাচনে প্রাণহানি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন কমিশন এবার শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে আগাম প্রস্তুতি নিচ্ছে।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সংঘাতমুক্ত নির্বাচন সম্ভব নয়। এজন্য কমিশন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
অতীতের নির্বাচনী সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে সিইসি বলেন, বিভিন্ন সংস্থার তথ্যমতে স্থানীয় সরকার নির্বাচনে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আরও সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব বলে কমিশন আশাবাদী। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সরকারি সহযোগিতার প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন পরিচালনায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের মতো ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় সরকার কাঠামোর ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, দেশের হাজার হাজার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন একটি বিশাল দায়িত্ব। এ কারণে নির্বাচন কমিশনকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থানে থেকে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
এসআর