[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকায় ভ্যাপসা গরম অব্যাহত থাকার পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ৯:১৮ এএম

সংগৃহীত ছবি

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায়

 অপরিবর্তিত থাকায় ঢাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে এবং এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যেখানে আগের দিন মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ও বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর