[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আনসার-ভিডিপির দক্ষতায় প্রতিটি গ্রাম হয়ে উঠবে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ৯:১৪ এএম

সংগৃহীত ছবি

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের হাত ধরে দেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক

 রহমান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠাকে আগামী দিনের পাথেয় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাহিনীর ৬৭০ জন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের পর দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, একটি স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ার এই যাত্রায় প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত আনসার-ভিডিপির গুরুত্ব অপরিসীম।

​প্রধানমন্ত্রী তার বাণীতে দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনীর সময়োপযোগী ভূমিকার প্রশংসা করেন এবং গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তাদের দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকার জন্য সর্বস্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণপ্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের ধারণার কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, দেশের শিল্পকারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বর্তমানে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এর পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, কৃষি অর্থনীতির বিকাশে খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ, পানিসম্পদ পরিকল্পনা এবং দুর্যোগকালীন জনগণের খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো অনন্য ক্ষেত্রেও এই বিশাল নেটওয়ার্কের সক্ষমতাকে কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাহিনীর সুনির্দিষ্ট চাহিদাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির প্রশংসা করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের এই নতুন মডেলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে আনসার-ভিডিপি আগামীতেও সহায়ক শক্তি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।

এসআর

সম্পর্কিত খবর