[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ৮:৩৭ পিএম

সংগৃহীত ছবি

দেশে গণতন্ত্রকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি এ কথা বলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আনসার-ভিডিপির কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাহিনীর ৬৭০ শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।


বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের বিভিন্ন সংকট ও প্রয়োজনের সময়ে আনসার-ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীটির ভূমিকার প্রশংসা করেন তিনি।


তিনি বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট ও কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে।


প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত নিরাপত্তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার-ভিডিপির অবদান গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের অধিকার রক্ষা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে বাহিনীটি সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।


তিনি পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রমে আনসার-ভিডিপির সম্ভাবনার কথাও তুলে ধরেন। পাশাপাশি শিল্প-কারখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীভূত আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।


যুবসমাজকে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাহিনীটির প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, উৎপাদনমুখী ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে আনসার-ভিডিপি ভবিষ্যতেও কার্যকর অবদান রাখবে।


শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে আনসার-ভিডিপির সদস্যরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও বড় ভূমিকা পালন করবে এবং বৈষম্যহীন, নিরাপদ সমাজ গঠনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

এসআর

সম্পর্কিত খবর