ভূমিসেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, সহজ ও দুর্নীতিমুক্ত করতে সরকার প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
তিনি বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও ঝামেলাহীন ভূমিসেবা পৌঁছে দিতে আধুনিক ব্যবস্থা চালু করা হচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ খাতকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা নিশ্চিত হলে মানুষকে আর অযথা ভোগান্তি কিংবা দুর্নীতির মুখোমুখি হতে হবে না বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী জানান, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং ভূমিসেবা প্রক্রিয়াকে আরও সহজ ও নাগরিকবান্ধব করে তোলা।
তিনি বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নানা নেতিবাচক অভিজ্ঞতা ছিল, বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে কাজ করছে।
এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
মেলায় নাগরিকদের অনলাইনে ভূমিসেবা গ্রহণের ধারণা দেওয়া, সরাসরি বিভিন্ন সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধে উৎসাহিত করা এবং অটোমেটেড সিস্টেম ব্যবহারে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।
জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁও ভূমি ভবন ছাড়াও দেশের বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়ে একযোগে এ মেলার আয়োজন করা হচ্ছে।
এসআর