[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৬ ৫:৪২ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নিরাপত্তা, নৌ-শক্তি ও সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় দেশীয় নৌ-শিল্পের বিকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সোমবার (১৮ মে) বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ

 ডকইয়ার্ড পরিদর্শনকালে তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি। জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে একটি আধুনিক, কার্যকর ও অগ্রসর নৌ-শিল্প প্রতিষ্ঠানে পরিণত করার ওপর তিনি জোর দেন। দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও সামুদ্রিক নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই তিনি এই পরিদর্শনে যান।

​পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের সার্বিক কার্যক্রম, জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, আধুনিক কারিগরি সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ব্রিফ করা হয়। পরে তিনি ডকইয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থাপনা, ওয়ার্কশপ, উৎপাদন এলাকা ও মেরামত সুবিধাগুলো ঘুরে দেখেন। এই সময় তিনি ডকইয়ার্ডের প্রতিটি কার্যক্রমে গুণগত মান, সময়নিষ্ঠতা, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টির নির্দেশনা দেন।

​প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, দেশীয় সম্পদ, দক্ষতা এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে হবে। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড শুধু একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান নয়, এটি দেশের সামুদ্রিক সক্ষমতা ও আত্মনির্ভরশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ডকইয়ার্ডে কর্মরত কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারীদের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। পরিদর্শনের সময় বাংলাদেশ নৌবাহিনী এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর