বাড়িতে গ্লুকোমিটারের সাহায্যে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করেন অনেকেই।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গ্লুকোমিটারে নির্ভুল ফল পেতে কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন।
খাবারের পর পরীক্ষার সময়: খাবার শুরু করার সময় থেকে দুই ঘণ্টা হিসাব করতে হবে। যেমন, দুপুর ১টায় খাওয়া শুরু করলে বিকেল ৩টায় রক্তে শর্করা পরীক্ষা করতে হবে।
ফাস্টিং সুগার পরীক্ষায় সতর্কতা: সকালে খালি পেটে সুগার মাপার আগে অন্তত আট ঘণ্টা কোনো খাবার গ্রহণ করা যাবে না। ঘুম থেকে উঠে চা পান বা অন্য কোনো খাবার গ্রহণের আগেই পরীক্ষা করা ভালো।
আঙুলে অতিরিক্ত চাপ নয়: রক্ত বের করতে আঙুল জোরে চেপে ধরা উচিত নয়। এতে রক্তের নমুনায় আশপাশের টিস্যুর তরল মিশে ফলাফলে প্রভাব ফেলতে পারে। পরীক্ষার আগে হাত হালকাভাবে ঘষে উষ্ণ করে নিলে রক্ত সংগ্রহ সহজ হয়।
সাবান দিয়ে হাত পরিষ্কার করুন: পরীক্ষার আগে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। হাতে খাবারের অবশিষ্টাংশ বা অন্য কোনো পদার্থ থাকলে পরীক্ষার ফল ভুল আসতে পারে।
প্রতিবার নতুন ল্যানসেট ব্যবহার: একই সুচ বা ল্যানসেট বারবার ব্যবহার করা উচিত নয়। পুরোনো সুচ ভোঁতা হয়ে গেলে ব্যথা ও ত্বকের ক্ষতির আশঙ্কা বাড়ে। তাই প্রতিবার নতুন ও জীবাণুমুক্ত ল্যানসেট ব্যবহার করা জরুরি।
গ্লুকোমিটারে সঠিক ফল পেতে যন্ত্রের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। পরীক্ষায় অস্বাভাবিক ফল পাওয়া গেলে হাত পরিষ্কার করে নতুন স্ট্রিপ দিয়ে আবার পরীক্ষা করা যেতে পারে। ফলাফল নিয়ে সন্দেহ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এফ/ডি