কিডনির বিভিন্ন রোগের মধ্যে পলিসিস্টিক কিডনি ডিজিজ (পিকেডি) একটি বংশগত রোগ, যা দীর্ঘদিন অজান্তেই শরীরে বিস্তার লাভ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পরিবারে বাবা-মা কিংবা ঘনিষ্ঠ আত্মীয়দের কারও এ ধরনের রোগ থাকলে অন্য সদস্যদেরও সতর্ক থাকা প্রয়োজন। কারণ, পলিসিস্টিক কিডনি রোগের বেশির ভাগ ক্ষেত্রে জিনগত প্রভাব রয়েছে।
পলিসিস্টিক কিডনি ডিজিজ কী?
সুস্থ কিডনির ভেতরে রক্ত পরিশোধনের জন্য অসংখ্য ক্ষুদ্র কার্যকরী অংশ থাকে। পিকেডি হলে কিডনির মধ্যে তরলপূর্ণ একাধিক সিস্ট তৈরি হয়। এগুলো ধীরে ধীরে বড় হয়ে কিডনির আকার বাড়িয়ে দিতে পারে। একপর্যায়ে সুস্থ কোষ ও টিস্যুর ওপর চাপ সৃষ্টি করে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়।
এটি কোনো ক্যানসার নয়। তবে যথাযথ চিকিৎসা ও পর্যবেক্ষণ না থাকলে দীর্ঘমেয়াদে কিডনি বিকল হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
রোগটির ধরন
পলিসিস্টিক কিডনি ডিজিজ প্রধানত দুই ধরনের।
১. অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ: এটি সবচেয়ে বেশি দেখা যায়। বাবা অথবা মায়ের একজনের কাছ থেকে ত্রুটিপূর্ণ জিন সন্তানের মধ্যে সঞ্চারিত হলে এ রোগ হওয়ার ঝুঁকি থাকে। সাধারণত প্রাপ্তবয়স্ক বয়সে, বিশেষ করে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এর লক্ষণ প্রকাশ পেতে পারে।
২. অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ: এ ধরনটি তুলনামূলক বিরল। বাবা ও মা উভয়ের কাছ থেকে ত্রুটিপূর্ণ জিন পেলে সন্তানের মধ্যে রোগটি দেখা দিতে পারে। সাধারণত জন্মের সময় অথবা শৈশবে এটি শনাক্ত হয়।
যেসব উপসর্গ অবহেলা করা উচিত নয়
প্রাথমিক অবস্থায় অনেকের শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে রোগের অগ্রগতি হলে কয়েকটি উপসর্গ দেখা দিতে পারে। যেমন—
এসব লক্ষণ থাকলেই যে পিকেডি হয়েছে, তা নিশ্চিত নয়। তবে এ ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কিডনির পাশাপাশি অন্য অঙ্গেও প্রভাব
পলিসিস্টিক কিডনি রোগের প্রভাব শুধু কিডনিতে সীমাবদ্ধ নাও থাকতে পারে। কোনো কোনো রোগীর লিভার ও অগ্ন্যাশয়ের মতো অঙ্গেও সিস্ট তৈরি হতে পারে। আবার বিরল ক্ষেত্রে মস্তিষ্কের রক্তনালিতে অ্যানিউরিজম হওয়ার আশঙ্কা থাকে। এতে রক্তনালির জটিলতা তৈরি হতে পারে।
বয়স বাড়ার সঙ্গে কিছু রোগীর কিডনির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তবে সবার ক্ষেত্রে রোগের অগ্রগতি সমান হয় না।
চিকিৎসা ও জটিলতা কমানোর উপায়
পলিসিস্টিক কিডনি রোগের সম্পূর্ণ নিরাময়ের চিকিৎসা এখনো নেই। তবে শুরুতেই শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগের অগ্রগতি ধীর করা এবং বিভিন্ন জটিলতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণ, নিয়মিত কিডনির কার্যক্ষমতা পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কিছু রোগীর জন্য বিশেষ ওষুধ ব্যবহারের সুযোগ রয়েছে, যা সিস্টের বৃদ্ধি ও কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার গতি ধীর করতে পারে। তবে রোগীর অবস্থা বিবেচনা করেই এসব ওষুধ নির্ধারণ করা হয়।
কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেলে রোগীর অবস্থার ওপর নির্ভর করে ডায়ালিসিস অথবা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
পরিবারে রোগের ইতিহাস থাকলে সতর্কতা জরুরি
বাবা-মা কিংবা পরিবারের নিকটাত্মীয়ের পলিসিস্টিক কিডনি রোগ থাকলে চিকিৎসকের পরামর্শে বংশগত ঝুঁকি মূল্যায়ন করা উচিত। প্রয়োজন অনুযায়ী আলট্রাসনোগ্রাম ও অন্যান্য পরীক্ষা করানো যেতে পারে।
শুরুতে রোগের লক্ষণ না থাকলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ শনাক্ত করতে পারলে কিডনির কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে রাখার সুযোগ বাড়ে।
এফ/ডি