[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

প্রাক্তনের মুখোমুখি হলে যেসব আচরণ এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৬:৫৬ পিএম

সংগৃহীত ছবি

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাবেক সঙ্গীর সঙ্গে আর দেখা না হওয়ার প্রত্যাশা করেন অনেকেই।

তবে বাস্তবে সব সময় তা সম্ভব হয় না। হঠাৎ কোনো রেস্তোরাঁ, শপিংমল কিংবা জনসমাগমপূর্ণ স্থানে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলাবেন, তা নিয়ে সম্পর্ক বিশেষজ্ঞরা দিয়েছেন কিছু পরামর্শ।

 

বিশেষজ্ঞদের মতে, সাবেক সঙ্গীর সঙ্গে দেখা হলে অস্বস্তি এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো পরিস্থিতি বুঝে নিজের মতো করে সরে যাওয়া। অপ্রয়োজনীয় কথাবার্তা বা পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনা শুরু না করাই ভালো। কারণ অতীতের বিরোধ কিংবা আবেগ নিয়ে নতুন করে কথা বললে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

 

তবে সম্পর্কবিষয়ক থেরাপিস্ট জিনেট রেমন্ডের মতে, এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর।

 

বিচ্ছেদের পর কতটা সময় পার হয়েছে

সম্পর্ক ভাঙার পর খুব বেশি সময় না পেরোলে সাবেক সঙ্গীকে হঠাৎ সামনে দেখে অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক। এমন পরিস্থিতিতে কথা বলার প্রয়োজন নেই। চোখাচোখি হলে সামান্য মাথা নেড়ে অভিবাদন জানিয়ে নিজের কাজে চলে যেতে পারেন।

 

তাকে দেখে আপনার অনুভূতি কেমন হয়

সাবেক সঙ্গীকে দেখার পর যদি মনে কষ্ট, অস্থিরতা কিংবা প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি ফিরে আসে, তাহলে বুঝতে হবে বিচ্ছেদের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। এ ক্ষেত্রে নিজের মানসিক স্বস্তিকে গুরুত্ব দেওয়া উচিত। পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করতে পারেন। তবে অস্বস্তি হলে দূরত্ব বজায় রাখাই ভালো।

 

বর্তমানে তার প্রতি আপনার মনোভাব কী

অনেক সময় মানুষ মনে করেন, পুরোনো সম্পর্কের স্মৃতি থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ দেখা হলে আবারও পুরোনো অনুভূতি ফিরে আসতে পারে। এমন হলে জোর করে কথোপকথনে জড়ানোর দরকার নেই। নিজের অনুভূতিকে গুরুত্ব দিয়ে স্বাভাবিকভাবে সেখান থেকে সরে আসতে পারেন।

 

অন্যদিকে, সাবেক সঙ্গীকে দেখে যদি মনে কোনো অস্বস্তি তৈরি না হয়, তাহলে সাধারণ পরিচিতের মতো স্বাভাবিক কথাবার্তা বলা যেতে পারে। এতে নিজের মানসিক অবস্থান সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।

 

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো নিজের অনুভূতির প্রতি সৎ থাকা। শুধু অন্যের সামনে নিজেকে ভালো বা সুখী প্রমাণ করার জন্য স্বাভাবিক থাকার অভিনয় করার প্রয়োজন নেই। সাবেক সঙ্গী কথা বলতে চাইলেও আপনি প্রস্তুত না থাকলে বিনয়ের সঙ্গে নিজের অনিচ্ছার কথা জানাতে পারেন।

 

অনেকেই প্রাক্তনের সামনে নিজেকে সুখী ও সফল দেখানোর চেষ্টা করেন। কিন্তু এমন প্রবণতা কখনো কখনো পুরোনো কষ্ট কিংবা প্রতিশোধের মনোভাব থেকে তৈরি হয়। তাই লোকদেখানো আচরণের পরিবর্তে নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়া এবং অতীতের অভিজ্ঞতা থেকে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এফ/ডি

সম্পর্কিত খবর