ব্যস্ত জীবনযাত্রা, বায়ুদূষণ এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে চুল পড়া বা খুশকির
সমস্যায় নাজেহাল অনেকেই। কেবল নামী ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করলেই চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, ভেতর থেকে পুষ্টি না পেলে চুলের স্বাভাবিক জেল্লা ও মজবুত ভাব ধরে রাখা কঠিন।
চুলকে গোড়া থেকে শক্ত ও ঝলমলে করতে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় যে উপাদানগুলো থাকা জরুরি:
১. প্রোটিন: চুলের মূল ভিত্তি আমাদের চুলের প্রধান উপাদান হলো 'কেরাটিন', যা এক ধরণের প্রোটিন। শরীরে প্রোটিনের অভাব হলে চুল পাতলা হয়ে যায় এবং বৃদ্ধি থমকে যায়। তাই খাদ্যতালিকায় নিয়মিত ডিম, মাছ, মুরগির মাংস, ডাল বা সয়াবিন রাখা অত্যন্ত প্রয়োজনীয়।
২. ভিটামিন এ: আর্দ্রতা বজায় রাখে মাথার ত্বকে প্রাকৃতিক তেল বা 'সিবাম' উৎপাদনে ভিটামিন এ সাহায্য করে, যা চুলকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। গাজর, মিষ্টি আলু ও পালং শাক থেকে এই ভিটামিন পাওয়া যায়। তবে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ এড়িয়ে চলা ভালো।
৩. ভিটামিন ই: রক্ত সঞ্চালন বৃদ্ধি এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকলকে সতেজ রাখে। মানসিক চাপের কারণে চুল পড়া রোধ করতে কাঠবাদাম ও সূর্যমুখীর বীজ বেশ কার্যকর।
৪. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: উজ্জ্বলতার চাবিকাঠি চুলকে প্রাকৃতিকভাবে সিল্কি ও উজ্জ্বল করতে ওমেগা-৩ অপরিহার্য। এটি চুলের গোড়া মজবুত করে।
সামুদ্রিক মাছের পাশাপাশি তিসি (ফ্ল্যাক্স সিড), চিয়া সিড এবং আখরোট থেকে এই স্বাস্থ্যকর চর্বি পাওয়া সম্ভব।
৫. আয়রন: পর্যাপ্ত অক্সিজেনের নিশ্চয়তা শরীরে আয়রনের ঘাটতি হলে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে বাধা পায়, ফলে চুল দ্রুত ঝরতে শুরু করে। পালং শাক ও মসুর ডালে প্রচুর আয়রন থাকে।
আয়রন শোষণের সুবিধার্থে খাবারের সাথে লেবু বা কমলার মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা উচিত।
এসআর
মন্তব্য করুন: