শীতের সকালে এক কাপ গরম আদা চায়ের কদর সবার কাছেই আলাদা। সর্দি-কাশি কিংবা গলা
ব্যথায় আদা চা আমাদের পরম বন্ধু। কিন্তু স্বাদে ও গুণে বৈচিত্র্য আনতে আপনি কি কখনো আদা কফি ট্রাই করেছেন? বিশেষজ্ঞরা বলছেন, এই পানীয়টি কেবল শরীর গরম রাখতেই নয়, বরং মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যায় দারুণ কার্যকর।
কেন পান করবেন আদা কফি?
আদা এবং কফি—উভয় উপাদানেই রয়েছে শক্তিশালী 'অ্যান্টি-ইনফ্লেমেটরি' বা প্রদাহনাশক গুণ। এই দুটির সংমিশ্রণ শরীরে যেসব উপকার দেয়:
মানসিক প্রশান্তি: আদা ও কফির বিভিন্ন উপাদান একত্রে কর্টিসল হরমোনের মাত্রা কমিয়ে মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে সাহায্য করে।
ব্যথা উপশম: মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা বা মাথা ব্যথায় এই পানীয় ওষুধের মতো কাজ করতে পারে।
শীতকালীন সুরক্ষা: শীতের ঠান্ডা থেকে শরীরকে ভেতর থেকে গরম রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি কার্যকর।
গলার যত্ন: গলা ব্যথা কিংবা খুসখুসে কাশি উপশমে আদা মিশ্রিত গরম কফি আরামদায়ক।
প্রস্তুত প্রণালি (খুবই সহজ):
১. একটি পাত্রে পরিমাণমতো পানি নিয়ে তাতে কয়েক কুচি আদা দিয়ে দিন।
২. আদা সহ পানিটি ভালোভাবে ফুটিয়ে নিন যাতে আদার নির্যাস পানিতে মিশে যায়।
৩. এবার সেই ফুটন্ত পানিতে আপনার পছন্দমতো কফি পাউডার মিশিয়ে নিন।
৪. স্বাদে ভিন্নতা এবং বাড়তি পুষ্টি যোগ করতে এক চামচ মধু মিশিয়ে গরম গরম উপভোগ করুন।
কফি বিশেষজ্ঞদের মতে, কফি ও আদার এই মেলবন্ধন কেবল একটি পানীয় নয়, বরং এটি একটি 'স্ট্রেস বাস্টার'। শীতের অলস দুপুরে বা কর্মব্যস্ত দিনের ক্লান্তি দূর করতে এক কাপ আদা কফি হতে পারে আপনার সেরা সঙ্গী।
এসআর
মন্তব্য করুন: