সাক্ষী হাজির, জমা দিলেন নথিও; তবে পরিচয় ঘিরে তৈরি হয়েছে গরমিল। বাবার নাম একেক
কাগজে একেক রকম, নিজের জন্মতারিখেও অমিল, আর স্বামীর নাম নিয়েও রয়েছে বিভ্রান্তি। অথচ নিজেকে আইনজীবী পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম তাসলিমা জাহান পপি। গুম-খুনের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন তিনি। রাষ্ট্রপক্ষের জেরায় একে একে বেরিয়ে আসে এই সাক্ষীর পরিচয়পত্রের নানা অসংগতি এবং প্রশ্ন ওঠে তার দাখিল করা নথির সত্যতা নিয়ে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিচার চলছে। তিনিই এ মামলার একমাত্র আসামি। রোববার (২২ নভেম্বর) তার পক্ষে সাফাই সাক্ষ্যের দিন নির্ধারিত ছিল।
নির্ধারিত সময়ে এদিন সাক্ষী হাজির করেন জিয়াউলের আইনজীবী নাজনীন নাহার। নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি হাজিরা দেন জিয়াউল আহসান। বেলা সাড়ে ১১টায় শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারকাজ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এজলাসে বসেন।
মানবতাবিরোধী অপরাধের মামলাটি কার্যতালিকায় এক নম্বরে ছিল। নিয়মানুযায়ী জিয়াউলের সাক্ষী তাসলিমা জাহান পপিকে সাক্ষীর ডকে তোলা হয়। শুরুতেই তিনি নিজের পরিচয় দেন। তার বয়স ৩৮ বছর, বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভবনাথপুরে এবং পেশায় তিনি একজন আইনজীবী বলে জানান।
সাক্ষ্যের শুরুতে পপি জানান, তিনি আসামি জিয়াউল আহসানকে চেনেন এবং নিম্ন আদালতে তার মামলা পরিচালনা করছেন। জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতেই তিনি ট্রাইব্যুনালে এসেছেন। এসব কাগজপত্র ও ভিডিও তাকে জিয়াউলের স্ত্রী দিয়েছেন বলে জানান তিনি। এরপর ট্রাইব্যুনালে নিজের জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি জমা দেন পপি এবং একে একে আরও বেশ কিছু কাগজপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরের পর তাকে জেরা শুরু করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
জেরার একপর্যায়ে জিয়াউলের সাক্ষীর কাছে নিজের দাখিল করা জাতীয় পরিচয়পত্র সম্পর্কে জানতে চান চিফ প্রসিকিউটর। জবাবে পপি বলেন, তার জাতীয় পরিচয়পত্রের কার্ড ইস্যুর তারিখ ২০১৮ সালের ৯ এপ্রিল এবং ওই কপিতে বাবার নাম ইউনুস আলী ব্যাপারী লেখা রয়েছে। কপিটি ডাউনলোড করে পিডিএফ আকারে অ্যাডভোকেট নাজনীন নাহারকে পাঠিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এতে বাবার নাম ইউনুস আলী ব্যাপারী কীভাবে এলো, তা তিনি বুঝতে পারছেন না। তবে মূল জাতীয় পরিচয়পত্রে বাবার নাম ইদ্রিস আলী ব্যাপারী লেখা আছে, যা ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন তিনি। পাশাপাশি পাঠানো পিডিএফ আইডির কপিতে নাম ঠিক থাকলেও ইস্যুর তারিখ ভুল রয়েছে বলে জানান।
তিনি আরও বলেন, ঢাকা বারের সদস্যপদের তথ্যে বাবার নাম শাহিনুর রহমান লেখা আছে, যদিও এটি তার স্বামীর নাম। ট্রাইব্যুনালে দাখিল করা জাতীয় পরিচয়পত্রের ঠিকানার সঙ্গে প্রদর্শিত আইডির ঠিকানার মিল নেই। আইডির কপির পরিবর্তে প্রকৃত আইডি দাখিল করার বিষয়ে ট্রাইব্যুনালে কোনো আবেদন করেননি বলেও জানান তিনি।
নিজের জন্মতারিখ নিয়েও জেরায় বক্তব্য দেন পপি। তিনি জানান, ট্রাইব্যুনালে জমা দেওয়া পরিচয়পত্রে তার জন্মতারিখ ১৯৮৮ সালের ৯ ফেব্রুয়ারি উল্লেখ রয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে প্রদর্শিত জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯৮৯ সালের ৯ ফেব্রুয়ারি লেখা আছে।
পপি আরও বলেন, ট্রাইব্যুনালে প্রদর্শিত কাগজপত্র সরবরাহ করার সময় জিয়াউল আহসানের স্ত্রীর সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয়নি। কী কী মাধ্যমে এসব কাগজপত্র পেয়েছেন, তা মনে নেই এবং প্রদর্শিত কাগজগুলো সঠিক কি না, তা ব্যক্তিগতভাবে যাচাই করে দেখেননি। দুর্নীতিসহ জিয়াউল আহসানের বিরুদ্ধে হওয়া একাধিক মামলায় আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন বলেও জানান তিনি।
তিনি জানান, এ মামলায় যেসব সেনা সদস্য বা সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, তাদের সম্পর্কে তিনি কিছুই জানেন না। জিয়াউল আহসানের ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কেও তার কোনো ধারণা নেই এবং এ মামলায় যেসব সাক্ষ্যপ্রমাণ এসেছে, সে সম্পর্কেও কিছু বলতে পারবেন না।
পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে ভুল তথ্যসংবলিত জাতীয় পরিচয়পত্রের কপি ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার জাতীয় পরিচয়পত্র জাল বলেও দাবি করেন তিনি। তবে এ অভিযোগ সত্য নয় বলে জানান সাক্ষী তাসলিমা পপি।
তিনি জানান, ট্রাইব্যুনালে দাখিল করা ও প্রদর্শিত জাতীয় পরিচয়পত্রের তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে আছে কি না, তা তার জানা নেই। তবে আইনজীবী নাজনীন নাহারের সঙ্গে যোগসাজশে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এনআইডিসহ এসব কাগজপত্র সৃজন করেননি বলে দাবি করেন তিনি।
জেরার পর পুনঃজবানবন্দিতে নিজের মূল জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করেন তাসলিমা জাহান পপি। ট্রাইব্যুনালে সেটি প্রদর্শনী এ-১ হিসেবে চিহ্নিত করা হয়। এ সময় তিনি জানান, তার স্বামীর নাম শাহিনুর রহমান কায়েস এবং ঢাকা আইনজীবী সমিতিতেও তার স্বামীর নাম এভাবেই উল্লেখ রয়েছে।
তাসলিমা জাহান পপির দাখিল করা কিছু নথিতে দেখা যায়, একটি জাতীয় পরিচয়পত্রের নথিতে নিজের নাম ঠিক থাকলেও বাবার নামের শেষে ‘বেশায়ী’ তথা ‘ইউনুস আলী বেশায়ী’ লেখা রয়েছে, অথচ থাকার কথা ‘ইউনুস আলী ব্যাপারী’। ঠিকানাতেও অসংগতি রয়েছে—সোনারগাঁওয়ের বদলে লেখা আছে ‘সোনারগাঁত’।
ঢাকা আইনজীবী সমিতির ওয়েবসাইটে আইনজীবীর নাম তাসলিমা জাহান পপি ঠিক থাকলেও বাবার নাম দেওয়া হয়েছে শাহিনুর রহমান এবং ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা। প্রসিকিউশনের দাবি, সাক্ষীর প্রকৃত পরিচয় আড়াল করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এসব তথ্য পরিবর্তন করা হয়েছে।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জিয়াউল আহসানের মামলায় একমাত্র সাফাই সাক্ষী হিসেবে আইনজীবী তাসলিমা জাহান পপি সাক্ষ্য দিয়েছেন এবং তাকে জেরা করেন চিফ প্রসিকিউটর। জেরায় তিনি বিভিন্ন নথিতে নিজের বাবার নাম ও জন্মতারিখের অসংগতি স্বীকার করেছেন। ঢাকা বারের সদস্যপদের তথ্যে বাবার নামের জায়গায় শাহিনুর রহমান লেখা থাকলেও সেটি তার স্বামীর নাম বলে জানিয়েছেন তিনি। এসব তথ্যের বিভ্রান্তি দূর করতে কোথাও কোনো আবেদন করেননি বলেও স্বীকার করেছেন।
তামিম আরও বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে বলা হয়েছে, এই ব্যক্তি নিজেকে আইনজীবী দাবি করে জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি সঠিক ব্যক্তি নন। ভবিষ্যতে ট্রাইব্যুনাল যেন তাকে শনাক্ত করতে না পারেন, সে জন্যই তিনি নিজের, স্বামীর ও বাবার নাম এবং জন্মতারিখ ভুল উল্লেখ করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই ভুল পরিচয়ে এ সাক্ষ্য দেওয়া হয়েছে এবং এর কোনো ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা নেই, এমনকি এ জবানবন্দির কোনো আইনগত মূল্য নেই বলে দাবি করেন প্রসিকিউশনের এই কর্মকর্তা।
এইচ/এম