বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোরকে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আদালতে এ আবেদন জমা দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সাঈদ খোকনের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি। পরবর্তী সময়ে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে গুলিবিদ্ধ হয় কিশোর আবদুল মোতালিব।
পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে।
Zashim