[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ১২:০১ এএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব কি না, তা-ও সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মকাণ্ডের পরও সরকার প্রতিপক্ষের মতো আচরণ করতে চায় না।

কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরিস্থিতি মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, গণহত্যার মতো ঘটনার মধ্য দিয়ে দলটি দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে।

এসব ঘটনার জন্য তাদের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ওই সময়ে দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিস্তার ঘটেছিল।

গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে প্রাণ হারিয়েছেন বলে দাবি করেন তিনি। এসব হত্যাকাণ্ডকে ক্রসফায়ার হিসেবে দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন আইনমন্ত্রী।

তিনি আরও দাবি করেন, ওই সময়ে ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়। তাদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশায় অনেক পরিবার এখনো অপেক্ষা করছে। স্বজনদের ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বলেও উল্লেখ করেন তিনি।

আইনমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ ছাড়া গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলার কারণে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিবর্তনে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, অতীতের দুঃসময় থেকে দেশকে বের করে আনতে জেন-জি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ জন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্ম অতীতের ক্ষত, স্বজন হারানোর বেদনা এবং সহযোদ্ধাদের ওপর নির্যাতনের স্মৃতি ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই একটি নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর