[email protected] মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডের আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ১২:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।

 

মামলার বিবরণ অনুযায়ী, রামিসার পরিবার পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভাড়া বাসায় বসবাস করত। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন সোহেল রানা ও স্বপ্না। রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

গত ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

২৫ মে তদন্ত শেষে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। পরে মামলাটি বিচারের জন্য শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

 

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ করেন আদালত।

 

এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।

 

রায়ে জরিমানার অর্থ নিহত শিশুর আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রির মাধ্যমে অর্থ আদায়ের নির্দেশনাও দেওয়া হয়।

 

মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলার ডেথ রেফারেন্সের নথি উচ্চ আদালতে পাঠানো হয়। পরবর্তী সময়ে দুই আসামিও কারাগার থেকে আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানিই এখন হাইকোর্টে চলছে।

এফ/ডি

সম্পর্কিত খবর