[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, রাষ্ট্র বহন করবে কন্যাসন্তানের ব্যয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৪:২৫ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুকন্যার ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।

 

বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি এবং দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

 

রায়ের পর্যবেক্ষণে আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিচারক বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে সামনে আসছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন আদালত।

 

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির বয়স ছিল ১১ বছর ৪ মাস। তার বাবা-মায়ের বিচ্ছেদের পর মা জীবিকার প্রয়োজনে সিলেটে বসবাস করতেন। এ সময় শিশুটি মদনের পাথার বড়বাড়ি গ্রামের হজরত ফাতেমাতুজ্জহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী স্থানীয় একটি মসজিদের ইমামের দায়িত্বেও ছিলেন।

 

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২ অক্টোবর মাদ্রাসার ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা পরিষ্কার করতে বলেন। পরে পাশের একটি কক্ষে নিয়ে তার ওপর নির্যাতন চালান। এ ঘটনা প্রকাশ না করার জন্য শিশুটিকে হুমকিও দেওয়া হয়। পরবর্তী কয়েক দিনেও একই ধরনের অপরাধ সংঘটিত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

২০২৬ সালের ১৮ এপ্রিল মেয়ের শারীরিক পরিবর্তন দেখে মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার মা।

 

পরবর্তী সময়ে চিকিৎসা ও নিরাপত্তার স্বার্থে শিশুটিকে সিলেট সরকারি শিশু ও কিশোরী নিরাপদ হেফাজত কেন্দ্রে পাঠানো হয়। সেখানে গত ৩ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

 

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। এ মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। আসামি, ভুক্তভোগী ও নবজাতকের নমুনা বিশ্লেষণে ওই শিক্ষককে শিশুটির জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়।

 

আদালত রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার বিধান অনুসারে নবজাতকের ভবিষ্যৎ সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছেন। শিশুটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব নথিতে পিতা-মাতার পরিচয়ে তার পরিচিতি নিশ্চিত করতে হবে।

 

এ ছাড়া বিয়ে না হওয়া পর্যন্ত শিশুটির ভরণপোষণ, পড়াশোনা ও চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। পরবর্তী সময়ে রাষ্ট্র চাইলে দণ্ডিত আসামির সম্পত্তি থেকে এসব অর্থ আদায় কিংবা আইন অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর