গোপালগঞ্জের মুকসুদপুরে ককটেল বিস্ফোরণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে মুকসুদপুর সদর থেকে বাড়ি ফিরছিলেন বাদী।
পথে মুকসুদপুর সরকারি কলেজের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে সরে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীও তাদের পিছু নিয়ে ওই দিকে এগিয়ে যান।
পরে পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলের দিকে আসার সময় জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে মামলায় দাবি করা হয়েছে। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি তৈরির অভিযোগে মামলাটি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তবে মামলার অভিযোগের বিষয়ে আসামিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ/এইচ/টি