[email protected] শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩

রায়হান হত্যা মামলা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ৬:২৪ পিএম

সংগৃহীত ছবি

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন করে হত্যার মামলায় পুলিশের বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন। তিনি জানান, মামলার প্রধান আসামি আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া কনস্টেবল মো. হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি তিন আসামি এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আব্দুল আল মামুনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে রায় পর্যালোচনার পর প্রয়োজন মনে করলে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদকে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

পরবর্তী তদন্তে নির্যাতনের বিষয়টি উঠে আসে। ঘটনার পর এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং আরও তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

পরে কনস্টেবল হারুন অর রশিদসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে মামলার প্রধান আসামি আকবরকে গ্রেপ্তার করা হয়।

এরপর তিনি কারাগারে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছরের ১০ আগস্ট উচ্চ আদালত থেকে তিনি জামিন পান।

পিবিআই ২০২১ সালের ৫ মে মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেয়। এতে এসআই আকবর হোসেন ভূঁইয়া, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন ও আবদুল্লাহ আল নোমানকে আসামি করা হয়।

একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

এসআর

সম্পর্কিত খবর