[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

বাবাকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে হাইকোর্টে খালাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ৭:২২ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবাকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া শরীয়ত উল্লাহকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

 পছন্দের  মেয়েকে বিয়ে করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে হত্যার এ মামলায় মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালত এ রায় দেন।

 

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে রায় ঘোষণা করেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোস্তফা সারওয়ার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমিন সিদ্দিকী, মীর মনিরুজ্জামান, সোলাইমান হাওলাদার ও মিজানুর রহমান। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী একেএম ফজলুল হক খান।

 

মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ১৩ মার্চ গভীর রাতে গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামে নিজ বাড়িতে ইব্রাহিম খলিল উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পছন্দের মেয়েকে বিয়ে করতে বাবার অসম্মতির জেরে ছেলে শরীয়ত উল্লাহ কুড়াল দিয়ে তাঁকে আঘাত করেন। ছেলেকে থামাতে গিয়ে আহত হন তাঁর মা নাসিমা খাতুনও।

 

পরে আহত বাবা ও মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ মারা যান ইব্রাহিম খলিল উল্লাহ।

 

এ ঘটনায় পরদিন, ১৫ মার্চ, নিহতের আরেক ছেলে সাদিকুল্লাহ গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার বিচার শেষে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল আমিন বিপ্লব শরীয়ত উল্লাহকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে মামলাটি হাইকোর্টে আসে। ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে এবার তাঁকে খালাসের আদেশ দিলেন উচ্চ আদালত।

এসআর

সম্পর্কিত খবর