[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা বন্ধে সরকারি উদ্যোগ চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৮:১২ পিএম

সংগৃহীত ছবি

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং হুমকির ঘটনা ঠেকাতে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে এই আবেদন করেন।

 

রিটকারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ার ঘটনা ঘটছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার পাশাপাশি কনসার্ট ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়া এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলার অভিযোগও উঠেছে।

 

তিনি জানান, ‘তৌহিদী জনতা’ পরিচয়ে যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বাধা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

 

আইনজীবী আরও বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালি জাতীয়তাবাদী চেতনা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন। এসব ঘটনা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে—এমন নির্দেশনা চাওয়া হয়েছে।

 

একই সঙ্গে সাধারণ মানুষ যেন নিরাপদ পরিবেশে এবং আইন মেনে স্বাধীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার আবেদনও করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

এসআর

সম্পর্কিত খবর