[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ, প্রকাশ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৬:৩৩ পিএম

সংগৃহীত ছবি

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে।

এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে আগামী তিন অর্থবছরের মধ্যে বকেয়া করের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

 

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। ফলে এনবিআরের দাবিকৃত কর আদায়ে আইনি বাধা দূর হয়েছে।

 

২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর পুনর্মূল্যায়নের পর ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করে। প্রতিষ্ঠানটি এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করেছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন। পরবর্তী সময়ে নতুন বেঞ্চে শুনানি শেষে সেই রুল খারিজ করা হয়।

 

গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর জানান, এনবিআরের কর দাবির বৈধতা নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল। তবে রুল খারিজ হওয়ায় কর আদায়ের দাবি বহাল রয়েছে।

 

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়সংক্রান্ত হাইকোর্টের একটি রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। শুনানি শেষে ওই বেঞ্চ গ্রামীণ কল্যাণের রিট আবেদন খারিজ করে দেন। এর ফলে প্রতিষ্ঠানটির কাছ থেকে দাবিকৃত কর আদায়ের বিষয়ে এনবিআরের অবস্থান বহাল থাকে।

এসআর

সম্পর্কিত খবর