[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

গরুর মাংস প্রতি কেজি ২৫০ টাকায় নামাতে ও আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৫:৩৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিপুল সংখ্যক জনগণের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি

 নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংসের আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

​রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়।

​প্রোটিন ঘাটতি ও আকাশচুম্বী দাম: দেশের প্রায় ৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর অন্যতম প্রধান খাদ্য গরুর মাংস। কিন্তু বর্তমানে বাজারে প্রতি কেজি মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকার মতো চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এটি কেনা কঠিন হয়ে পড়েছে, যা সাধারণ মানুষ ও শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদি প্রোটিন ঘাটতি ও পুষ্টিহীনতা তৈরি করছে।

​অর্থনৈতিক যুক্তি (তুলনামূলক সুবিধা তত্ত্ব): নোটিশে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব উল্লেখ করে বলা হয়, যে পণ্যের অভ্যন্তরীণ উৎপাদন খরচ অতিরিক্ত বেশি, তা আমদানি করাই কার্যকর কৌশল। উন্নত বিশ্ব যেভাবে নিজেদের দেশে তৈরি পোশাকের উৎপাদন খরচ বেশি হওয়ায় বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে তা আমদানি করে, ঠিক একইভাবে বাংলাদেশেও উচ্চ উৎপাদন খরচের বিপরীতে আমদানির সুযোগ দেওয়া উচিত।

​সাংবিধানিক অধিকার: সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী খাদ্যের মতো মৌলিক চাহিদা নিশ্চিত করা, ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্যের উন্নয়ন এবং ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মর্যাদাপূর্ণ ও পুষ্টিকর খাদ্য গ্রহণের অধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নোটিশে উল্লেখ করা হয়, সাধারণ মানুষের সাশ্রয়ী মূল্যে মাংস খাওয়ার অধিকার ক্ষুণ্ন করে নির্দিষ্ট কিছু খামারি ও পশুখাদ্য সিন্ডিকেটকে মুনাফা করার সুযোগ দেওয়া সংবিধানের পরিপন্থী।

​নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফাইড হালাল মাংস আমদানির ওপর সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শুল্ক যৌক্তিকীকরণের মাধ্যমে গরুর মাংসের দাম ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর