[email protected] মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠন করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২:১৫ পিএম

সংগৃহীত ছবি

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের অধীনে পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আগামী সপ্তাহেই নতুন এই ইউনিট গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ জানান, নতুন ইউনিটের জন্য পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির একটি পদ সৃষ্টির প্রয়োজন হলে তা করা হবে।

একই সঙ্গে মহানগর, বিভাগ ও জেলা পর্যায়েও ইউনিটটির কার্যক্রম বিস্তৃত করা হবে।

তিনি বলেন, থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটকে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সক্ষম করা হবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তার ব্যবস্থা থাকবে।

মন্ত্রী জানান, সাইবার সিকিউরিটি ইউনিটের প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব ঘটনা জটিল ও অধিকতর কারিগরি বিশ্লেষণের প্রয়োজন হবে, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর স্থানীয় পর্যায়ে বিশ্লেষণ সম্ভব এমন ঘটনাগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়েই নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

সাইবার অপরাধের বিস্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ বর্তমানে আধুনিক অপরাধপ্রবণতার অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

বিশ্বের কিছু দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধ বলে তিনি উল্লেখ করেন। এ কারণে বাংলাদেশেও সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে পুলিশের কোনো সদস্য নিষিদ্ধ রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রেখে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এসআর

সম্পর্কিত খবর