[email protected] শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

দুই হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলমকে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১:৩৫ পিএম

সংগৃহীত ছবি

২০১২ সালের একটি হত্যা মামলা এবং ২০২৩ সালে যুবদল নেতা শামীম মোল্লা হত্যার মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পৃথক দুই মামলায় শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

 

এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৮ এপ্রিল পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই এমপির বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়া এলাকায় হত্যা ও অন্যান্য অভিযোগে অন্তত ১৬টি মামলা দায়েরের কথা জানা গেছে। এসব মামলার কয়েকটিতে তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়।

 

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা শামীম মোল্লা নিহত হন। এ ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করা হয়। ওই তালিকায় জাফর আলমের নামও রয়েছে।

 

পরে ২৮ এপ্রিল পুলিশ শামীম মোল্লা হত্যা মামলায় জাফর আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। সেদিন তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর