[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

মরিয়মের মৃত্যুর সময় বাসায় নেতা-কর্মীদের সঙ্গে খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১:১৫ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর ন্যাম ভবনের বাসা থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ঘটনার দিন বাসায় অবস্থানকালে কয়েকজন স্থানীয় নেতা-কর্মীর সঙ্গে খাবার খাচ্ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের চার দিনের রিমান্ডের প্রথম দিনে এসব তথ্য দেন তিনি।

একই মামলার তদন্তে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গাজী নজরুলের দাবি অনুযায়ী, ঘটনার দিন দুপুরে তিনি বাসায় ফেরেন এবং নেতা-কর্মীদের সঙ্গে খাবার খান।

পরে মরিয়ম খেয়েছেন কি না, তা জানতে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে কক্ষের ফ্যানের সঙ্গে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গাজী নজরুল আরও দাবি করেন, মরিয়মের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল।

তবে এর আগে তাদের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মরিয়ম মানসিকভাবে অশান্তিতে ছিলেন এবং বিষয়টি নিয়ে প্রায়ই আলোচনা করতেন।

এদিকে, প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম দাবি করেছেন, ঘটনার দিন মরিয়মের সঙ্গে তার কোনো ধরনের বিরোধ বা ঝগড়া হয়নি।

উল্লেখ্য, গত জুলাইয়ে গাজী নজরুল ইসলাম ও এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

পরে জানা যায়, ওই তরুণী ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯)। এ ঘটনার পর জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে। এরপর তিনি দুই স্ত্রীকে নিয়ে ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন বলে জানা যায়।

গত রোববার সন্ধ্যায় ওই বাসা থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে কার্যক্রম চালানো হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর