জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মামলার রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য দিনটি নির্ধারণ করেন।
এর আগে গত ১৮ আগস্ট মামলাটির যুক্তিতর্ক শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও চাওয়া হয়েছে।
প্রসিকিউশনের দাবি, জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বৈঠকে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল।
মামলায় উপস্থাপিত বিভিন্ন অডিও ও ভিডিওতে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তাদের ভাষ্য, ওই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এতে বহু মানুষ নিহত হন।
এসআর