সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক এবং তাঁদের স্ত্রীদের সাধারণ পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে
যেকোনো ধরনের অতিরিক্ত গোয়েন্দা ভেরিফিকেশন বা ভিআর বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীসহ সাবেক বিচারক ও তাঁদের স্ত্রীদের দ্রুত সাধারণ পাসপোর্ট হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন, যা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, পদে অধিষ্ঠিত থাকাকালে রাষ্ট্র বিচারকদের পরিচয় ও মর্যাদা যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট প্রদান করে থাকে। ফলে অবসরের পর সাধারণ পাসপোর্ট পাওয়ার আবেদনের ক্ষেত্রে পুনরায় গোয়েন্দা তথ্যের মুখোমুখি দাঁড় করানো সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন।
উলেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় কূটনৈতিক পাসপোর্ট সমর্পণকারীদের সাধারণ পাসপোর্ট পেতে দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্রের শর্ত দেওয়া হয়েছিল। এর ফলে সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী আবেদন করা সত্ত্বেও ছাড়পত্রের অজুহাতে পাসপোর্ট না পাওয়ায় বিদেশ ভ্রমণে বাধাগ্রস্ত হন। পরবর্তীতে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হলে শুনানি শেষে আদালত এই রায় দেন।
এসআর