মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আসামি মো. হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আট বছর বয়সী আছিয়া। অভিযোগ রয়েছে, তার বোনের শ্বশুর মো. হিটু শেখ শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান।
গুরুতর আহত অবস্থায় আছিয়াকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
ঘটনার পর হিটু শেখকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মামলার বিচার শেষে একই বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।
একই মামলায় অভিযুক্ত অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়।
পরবর্তী সময়ে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।
পাশাপাশি দণ্ডপ্রাপ্ত হিটু শেখও রায়ের বিরুদ্ধে আপিল করেন।
এসব আবেদন ও আপিলের শুনানি শেষে সোমবার হাইকোর্ট হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত দেন।
এসআর