দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কার্যদিবসেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনের কার্যক্রম নিয়ে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, কমিশনের প্রতিটি কাজে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।
কোনো ব্যক্তি বা পরিচয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। পাশাপাশি কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, দ্বিতীয় কার্যদিবসে কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। অনুমোদনের জন্য অপেক্ষমাণ অনেক ফাইল পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।
একই সঙ্গে তদন্ত ও অনুসন্ধানভিত্তিক বেশ কিছু নথি পরীক্ষা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা থাকবে। কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। কমিশনের ওপর কোনো চাপও নেই।’
তিনি জানান, এদিন গুরুত্বপূর্ণ ও বড় কয়েকটি ফাইলও নিষ্পত্তি করা হয়েছে।
তবে এসব ফাইল কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এবং সেগুলোতে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই দুদকের কার্যক্রমে গতি আনার পাশাপাশি অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআর