[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩

সাভারে নব্য জেএমবির সদস্য ইমরানের ৬ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

সাভারে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সদস্য মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে ছয় দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) তদন্ত কর্মকর্তার করা আবেদনের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। আদালতে ইমরানের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন সাভার জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন।

 

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার নথি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট রাতে সাভারের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

পুলিশের দাবি, অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ইমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহারের সরঞ্জাম ও বিস্ফোরক তৈরির কিছু উপাদান উদ্ধারের কথা জানায় পুলিশ। একই অভিযানে জিহাদি বই এবং নব্য জেএমবির সাংগঠনিক নথিও জব্দ করা হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

 

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

মামলায় পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং সংগঠনটির অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতাদের বিষয়ে তথ্য জানতে ইমরানকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর