[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩

সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ২,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ ৭:০৩ পিএম

সাবেক রাষ্ট্রপতি

প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

ব্যাংকটির অভিযোগ, মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময় একটি ঋণ জালিয়াতির ঘটনায় তিনি ও সংশ্লিষ্ট অন্যরা ভূমিকা রাখেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে আবেদন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ইসলামী ব্যাংকের পক্ষে দুদকে অভিযোগটি জমা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ঋণসীমা অনিয়মের মাধ্যমে বাড়ানো হয়।

প্রতিষ্ঠানটির ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

পরবর্তী সময়ে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাতের ঘটনা ঘটে বলে ব্যাংকটির অভিযোগ।

ইসলামী ব্যাংকের অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডকে নিয়মবহির্ভূতভাবে ঋণ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী এস আলমের ভূমিকা ছিল।

এতে আরও দাবি করা হয়েছে, সে সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন এবং তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, অনিয়মের মাধ্যমে ঋণ অনুমোদন করে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হন।

ইসলামী ব্যাংক জানিয়েছে, চারটি অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা ও তদন্ত করা হয়েছে।

ওই তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি শনাক্ত হয়েছে বলে দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক।

এসআর

সম্পর্কিত খবর