পুলিশের বিভিন্ন ধরনের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব ইউনিটকে বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
জারি করা এক জরুরি বার্তায় বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় কিংবা ডিউটি শেষে পার্কিংয়ে রাখা যানবাহনের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না।
নির্দেশনায় উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে প্রয়োজন হলে যানবাহন কেবল নিরাপদ স্থানে থামানো যাবে।
কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না।
প্রতিটি যানবাহন সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তত্ত্বাবধানে রাখতে হবে।
এ ছাড়া থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ডসহ সরকারি নির্ধারিত পার্কিং এলাকায় রাখা গাড়িগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব স্থানে নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর এই নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
এসআর