রাজধানীর হাতিরঝিলে কাঁচামাল ব্যবসায়ী এমাদুল হাওলাদার রাজু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি মো. বজলু মিয়া (বজু)কে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
একই সঙ্গে তার স্ত্রী সাথী আক্তারের রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামিকে আদালতে হাজির করে বজলুর সাত দিনের রিমান্ড আবেদন করেন।
তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিহত এমাদুল হাওলাদার রাজু রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। একই এলাকায় ব্যবসা করতেন বজলু মিয়াও। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে তদন্তে উঠে এসেছে।
অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই সন্ধ্যায় ব্যবসার বিষয়ে কথা বলার কথা বলে রাজুকে নিজের বাসায় ডেকে নেন বজলু। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা হাসপাতাল এলাকা থেকে সরে যান বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার দাবি, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে প্রধান আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ ঘটনায় গত ২৯ জুলাই নিহতের বড় বোন শাহানা বেগম হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলছে।
এসআর