[email protected] বৃহঃস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, ৩৬ বছর পর নিখোঁজদের পরিচয় জানার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি গণকবরের সন্ধান পাওয়ার পর প্রায় ৩৬ বছর আগের এক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা তৈরি হয়েছে।

কুরুক্কালমাদাম এলাকায় খননকাজ চালিয়ে মানুষের কঙ্কালাবশেষ উদ্ধারের ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন দীর্ঘদিন ধরে স্বজনদের খোঁজে থাকা পরিবারগুলো।

 

ভুক্তভোগীদের একজন ৬০ বছর বয়সী ফৌজুল হিনায়া। ১৯৯০ সালে তার দুই ভাই নিখোঁজ হন। পরিবারের দাবি, তাদের হত্যা করা হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভাইদের কোনো খোঁজ পাননি তিনি। এখন তার প্রধান চাওয়া, তাদের দেহাবশেষ শনাক্ত করে মুসলিম ধর্মীয় বিধান অনুসারে মর্যাদার সঙ্গে দাফন করা।

 

নিজ বাড়িতে বসে হিনায়া বলেন, ভাইদের শেষ ঠিকানা জানতে চান তিনি। তাদের যথাযথ সম্মানের সঙ্গে সমাহিত করাই এখন তার একমাত্র প্রত্যাশা।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১৯৮৩ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হয়। ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের পরাজয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২৬ বছরের সংঘাতের অবসান ঘটে। এ সময়ে বেসামরিক নাগরিকসহ বহু মানুষ প্রাণ হারান। সংঘাত চলাকালে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে তামিল জনগোষ্ঠীর ওপর যুদ্ধাপরাধের অভিযোগও ওঠে।

 

অন্যদিকে, দেশজুড়ে বিভিন্ন হামলা ও হত্যাকাণ্ডের জন্য তামিল বিদ্রোহী সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) সহিংস কর্মকাণ্ডকে দায়ী করে শ্রীলঙ্কা সরকার ও সিংহলি জনগোষ্ঠীর একটি অংশ।

 

নব্বইয়ের দশকের শুরুতে দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপরও এলটিটিইর হামলার অভিযোগ রয়েছে। বিশেষ করে কুরুক্কালমাদাম, কাট্টানকুডি ও এরাভুর এলাকায় মুসলিমদের লক্ষ্য করে হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর নিখোঁজ হওয়া বহু মানুষের সন্ধান আজও মেলেনি।

 

গত মাসে আদালতের নির্দেশে গঠিত একটি প্রত্নতাত্ত্বিক দল কুরুক্কালমাদামের গণকবরটি খনন শুরু করে। সেখান থেকে বেশ কিছু কঙ্কালাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কঙ্কালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের আইনজীবী মুয়াজ্জাম মুবারক।

 

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জ্যাকি ফৌজের মতে, উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় শনাক্ত করা, ঘটনার প্রকৃত তথ্য বের করা এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে নিয়মিত অগ্রগতি জানানো এখন সবচেয়ে জরুরি।

 

গণকবরের সন্ধান ঘিরে নিখোঁজদের স্বজনদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। হিনায়ার মতো অনেকেই অপেক্ষা করছেন, দীর্ঘ ৩৬ বছর আগের স্বজন হারানোর ঘটনার অন্তত একটি নির্ভরযোগ্য উত্তর এবার পাওয়া যাবে।

এফ/ডি

সম্পর্কিত খবর