উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় ইরান এবং তেহরান-
সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও সম্পদ মজুত ছিল।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ওই অঞ্চলে এ পর্যন্ত ১১৫টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে।
এপির বিশ্লেষণে উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে আক্রমণের ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্যবস্তু ছিল আগাম সতর্কতামূলক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তীতে এসব ঘাঁটিতে থাকা যুদ্ধবিমান ও অন্যান্য অবকাঠামোতে আঘাত হানা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে কেবল কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেই অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
স্যাটেলাইট ছবি পর্যালোচনায় দেখা গেছে, দফায় দফায় চালানো এসব হামলায় বিমানঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি গুদামঘর এবং আবাসিক এলাকার নিকটবর্তী ১০টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
এপির সামগ্রিক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের এসব আক্রমণে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে; যেখানে মূলত আগাম সতর্কতাব্যবস্থা, যুদ্ধবিমান এবং ঘাঁটির অবকাঠামোকে নিশানা বানানো হয়েছে।
এইচ/এম