যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ভবিষ্যতে আবারও সুদের হার বাড়াতে পারে এমন ধারণা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৬৫ ডলার ৪১ সেন্টে নেমে আসে।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে এ দর রেকর্ড করা হয়। তবে বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার বাজারে। ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের আগাম চুক্তির দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৫৬৩ ডলার ৯০ সেন্টে পৌঁছায়।
এর আগে বুধবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সাময়িকভাবে ৩ হাজার ৫০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম বর্তমানে গুরুত্বপূর্ণ একটি সমর্থনমূল্য ধরে রাখার চেষ্টা করছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তানের ধারণা, ফেডের সুদের হার বাড়ানোর প্রবণতা শেষের দিকে এমন বিশ্বাস বিনিয়োগকারীদের মধ্যে তৈরি না হওয়া পর্যন্ত স্বর্ণের বাজারে শক্তিশালী পুনরুদ্ধার কঠিন হতে পারে।
তিনি মনে করেন, স্বর্ণের দাম বাড়ার প্রত্যাশায় বিনিয়োগ করা ব্যক্তিরা আপাতত চাপের মুখে থাকবেন।
তবে আন্তর্জাতিক আর্থিক বাজারে অনিশ্চয়তা বাড়লে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আবারও বৃদ্ধি পেতে পারে।
বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক স্বর্ণ কেনাকাটাও দীর্ঘ মেয়াদে দাম ধরে রাখতে সহায়ক হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যানে মূল্যস্ফীতির চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
বুধবার প্রকাশিত তথ্যে দেখা যায়, অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী থাকায় অক্টোবরে অন্তর্নিহিত মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
২০২৩ সালের শেষভাগের পর সূচকটির এটাই সর্বোচ্চ বৃদ্ধি। ফলে আগামী মাসগুলোতে, এমনকি ২০২৭ সালের শুরুর দিকেও ফেড সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে স্বর্ণ থেকে নিয়মিত সুদ বা মুনাফা পাওয়া যায় না।
ফলে সুদের হার বাড়লে সুদভিত্তিক বিনিয়োগের তুলনায় স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ার প্রবণতা দেখা দেয়।
টিডি সিকিউরিটিজের বিশ্লেষকেরাও সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজারে দরপতনের ধারা শেষ হয়েছে বলে মনে করার সুযোগ নেই।
তবে দীর্ঘ মেয়াদে এ বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।
বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, বিনিয়োগকারীদের মধ্যে সুদের হার কমার প্রত্যাশা তৈরি হলে আগামী বছরের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।
এ/এইচ/টি