[email protected] বৃহঃস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে শেখ হাসিনার বিষয়ে ভারতের বক্তব্য

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ১০:৩০ পিএম

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং বাংলাদেশ সরকারের করা প্রত্যর্পণের আবেদনকে পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার আগ্রহের সঙ্গে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা জানান।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে দুই বছরের বেশি সময় অবস্থানের পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা।

এ জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে বাংলাদেশ সরকারের অবস্থান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এ বিষয়ে ভারতের মুখপাত্র জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

তবে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।

জয়সওয়াল আরও বলেন, প্রত্যর্পণের অনুরোধ নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে। অন্যদিকে, কোনো ব্যক্তির নিজ ইচ্ছায় দেশে ফেরার আগ্রহ সম্পূর্ণ আলাদা বিষয়।

এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।

ফলে স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা দেশে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এ/এইচ/টি

সম্পর্কিত খবর