যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ সামনে এসেছে।
এর আগে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্কের বৈধতা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর বিকল্প আইনি প্রক্রিয়ায় শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি পর্যালোচনায় তদন্ত শুরু করা হয়। সেই তদন্তের ধারাবাহিকতায় নতুন শুল্কের বিষয়টি সামনে এসেছে।
প্রস্তাবিত শুল্কের মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্কের কথা উল্লেখ করা হয়েছে। অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নির্ধারণের বিষয়টি উঠে এসেছে। তবে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের পূর্ববর্তী বাণিজ্যিক সমঝোতায় নির্ধারিত সর্বোচ্চ শুল্কসীমার কারণে কিছু ক্ষেত্রে প্রকৃত শুল্কের হার কম হতে পারে।
এই তদন্তের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত এ তদন্তে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি নীতি ও বাণিজ্যিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়।
এসব নীতি মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের জন্য বৈষম্যমূলক বা ক্ষতিকর কি না, তা খতিয়ে দেখাই তদন্তের মূল উদ্দেশ্য।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির যুক্তিতে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন।
নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন প্রভাব পড়তে পারে।
এ/এইচ/টি