বার্ষিক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কার্যক্রমের কারণে আগামী ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট।
আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত বার্ষিক রক্ষণাবেক্ষণ পরিকল্পনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে। একটি ইউনিট বন্ধ থাকলেও অপরটি স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতার অর্ধেক সাময়িকভাবে কমে যাবে।
কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ কারণে রক্ষণাবেক্ষণের বিষয়টি বাস্তবায়নের আগে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে প্রয়োজনীয় সময় নেয় প্রতিষ্ঠানটি।
পিডিবির তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই সময়ে আদানি পাওয়ার থেকে জাতীয় গ্রিডে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শীতকালে সাধারণত বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। তাই আদানির একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ থাকলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের বিদ্যুৎ সংকটের আশঙ্কা নেই। তবে শীতের মধ্যে বিদ্যুতের চাহিদা অপ্রত্যাশিতভাবে বেড়ে গেলে সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হতে পারে।
এফ/ডি