[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা এখন ভারতের কোথায় আছেন?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট

 থেকে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং এ জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন। তার এই ঘোষণার পর গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলার মতো অরাজক ঘটনার অভিযোগ উঠেছে তার দলের কর্মীদের বিরুদ্ধে।

​মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ঢাকা দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে অনুরোধ জানিয়ে এলেও ভারত সরকার বিষয়টি এখনো ঝুলিয়ে রেখেছে বলে উল্লেখ করা হয়েছে।

​শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সম্প্রতি দেশের নানা জায়গায় সহিংসতায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। অন্যদিকে, তার ফেরা ঘিরে তৈরি হওয়া জটিলতা এবং মাথায় মৃত্যুদণ্ডের রায় থাকায় তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

​২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে তিনি ভারতের উত্তর প্রদেশের হিনডন বিমানঘাঁটিতে পৌঁছান এবং এরপর থেকেই সেখানে আশ্রয় নিয়ে অবস্থান করছেন। তার বর্তমান অবস্থান নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

​প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির একটি নিরাপত্তাবেষ্টিত বাসভবনে রয়েছেন বলে ধারণা করা হলেও তার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। এর আগে ২০২৪ সালের অক্টোবরে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছিল যে তিনি নয়াদিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘লুটিয়েন্স বাংলো জোন’-এ সরকারের দেওয়া একটি বাংলোতে থাকছেন, যেখানে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।

​তার নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হলেও বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। কয়েকটি প্রতিবেদনের দাবি অনুযায়ী, তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরা বাসভবনের আশপাশে নজরদারি করেন।

​ভারতে অবস্থানকালেও বিভিন্ন সাক্ষাৎকার ও বিবৃতির মাধ্যমে তিনি যোগাযোগ বজায় রেখেছেন। ভারতের সংবাদমাধ্যমগুলোর মধ্যে এনডিটিভি শুরু থেকেই তার সাক্ষাৎকার প্রকাশ করেছে। ২০২৬ সালের জুনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরেই দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন এবং দাবি করেন যে আওয়ামী লীগ শুধু একটি সংগঠন নয়, একটি শক্তি।

​পরবর্তী সময়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেকটি ফোনালাপ-সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন এবং আওয়ামী লীগ পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন। এ ছাড়া ২০২৬ সালের আগস্টে নয়াদিল্লির সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেন তিনি, যেখানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এইচ/এম

সম্পর্কিত খবর