মাত্র ১২ দিনের ব্যবধানে আবারও তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত
হওয়ার ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টারটিতে থাকা পাঁচজনের সবাই প্রাণ হারিয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সে নির্মিত এই মডেলের হেলিকপ্টার মূলত সেনা পরিবহনের কাজে ব্যবহার করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি আঙ্কারা ও ইস্তাম্বুলের মাঝামাঝি অবস্থিত এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রদেশের তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে এটি বিধ্বস্ত হয়। তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ফুটেজে একটি বিস্তীর্ণ খোলা মাঠে জরুরি সেবার যানবাহন দেখা গেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সেনা সদস্য নিহত হয়েছিলেন। ওই ঘটনার কারণও এখনো অজানা রয়ে গেছে।
ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাক ও সিরিয়ায় তুর্কি বাহিনীর সদস্য আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে। তবে কুর্দি বিদ্রোহের অবসানের পর বর্তমানে তুরস্কের নিজস্ব ভূখণ্ডে কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে ওই বিদ্রোহের সমাপ্তি ঘটে।
এইচ/এম