হিজাব পরিধান না করে গান গাওয়া এবং সেই কনসার্ট ইউটিউবে সরাসরি সম্প্রচার করার
অপরাধে ইরানের এক নারী সংগীতশিল্পীকে ৭৪টি চাবুক মারা হয়েছে। একই ঘটনায় তার প্রোডাকশন দলের অপর চার সদস্যকেও সমান সংখ্যক চাবুকের শাস্তি দেওয়া হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদি নামের ওই গায়িকার ওপর এই দণ্ড কার্যকর করা হয়। এর আগে গত জুনে দেশটির আদালত তাকে চাবুক মারার এই আদেশ দিয়েছিলেন।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে, যখন পারাস্তো আহমাদি ও তার দলের চার সদস্য ইউটিউবে একটি লাইভ কনসার্ট পরিবেশন করেন। সেখানে পারাস্তোর মাথায় কোনো হিজাব ছিল না এবং তিনি আবেগঘন ও শক্তিশালী কণ্ঠে গান পরিবেশন করেছিলেন। উল্লেখ্য, ইরানের প্রচলিত আইন অনুযায়ী খেলাধুলা বা সংগীত পরিবেশনসহ যেকোনো প্রকাশ্য স্থানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক।
চাবুক মারার বিষয়টি নিশ্চিত করে পারাস্তোর আইনজীবী জানান, ভিডিও কনসার্টের নেপথ্যে থাকা পারাস্তো এবং তার প্রোডাকশন টিমের চার সদস্যকে সোমবার ৭৪ বার করে চাবুক মারা হয়েছে। তাদের বিরুদ্ধে জনসমক্ষে শালীনতা ভঙ্গ এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার ও প্রসারের অভিযোগ আনা হয়েছিল।
এর আগে ২০২৫ সালের মার্চে মেহদি ইয়াররাহি নামে ইরানের এক পুরুষ সংগীতশিল্পীকেও ৭৪ বার চাবুক মারা হয়েছিল। তিনি তার গানের মাধ্যমে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের নির্যাতনে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর থেকে দেশটির তরুণীদের মধ্যে হিজাব বর্জনের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
এইচ/এম