[email protected] বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ১:৪০ পিএম

সংগৃহীত ছবি

তিন বছর ধরে কারাগারে বন্দি পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক

 প্রধানমন্ত্রী ইমরান খান। বয়স হয়েছে ৭৪ বছর। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে চরম দুর্দশার মধ্যে দিন কাটানো ইমরান আশঙ্কা করছেন, যেকোনো সময় জেলেই তাঁর মৃত্যু হতে পারে এবং হয়তো আর জীবদ্দশায় এই বন্দিদশা থেকে ফেরা হবে না।

​সম্প্রতি পাকিস্তানের শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে একটি খোলা চিঠি লিখেছেন ইমরান খান। জেলে তাঁর চরম শারীরিক ও মানসিক কষ্টের কথা তুলে ধরে লেখা এই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তাঁর আইনজীবী সালমান সাফদার।

​খোলা চিঠিতে ইমরান লিখেছেন, ‘আমার বয়স এখন ৭৪ বছর। বর্তমানে আমি যে নির্মম পরিস্থিতির মধ্যে রয়েছি, সেখান থেকে আর বেঁচে ফিরব বলে মনে হয় না। আমি কোনো সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসাবে এই চিঠি লিখিনি। আমার জীবনটা পাকিস্তানের ক্রিকেট এবং সমাজকল্যাণের জন্য উজাড় করে দিয়েছি। একা একটা সেলে বন্দি রয়েছি, কারোর মুখ দেখতে পাই না। দিনে ২২ ঘণ্টা একাই কাটাতে হচ্ছে।’ ইমরানের আশা, এই চিঠির আর্জি অনেক মানুষের কাছে পৌঁছাবে।

​চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ হারিয়ে গেছে। এ ছাড়া তাঁর রক্তচাপ বেড়ে ১৯৩ পর্যন্ত উঠেছে। চিকিৎসকদের আশঙ্কা, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন হেমারেজ) বা হৃদরোগে আক্রান্ত হওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।

​ইমরান ইতোমধ্যেই একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর অসুস্থতাও তীব্র আকার ধারণ করেছে। চিঠিতে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সারা জীবন চেষ্টা করেছি হাসপাতাল তৈরির জন্য, যেন সবাই বিনামূল্যে চিকিৎসা পায়। আজ আমি আর্জি জানাচ্ছি, আমার এবং আমার স্ত্রীর যেন সঠিক চিকিৎসা হয়।’

এইচ/এম

সম্পর্কিত খবর