ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় মারিঙ্গা শহরে শক্তিশালী এক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোরে বয়ে যাওয়া এই ঝড়ে অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এতে সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম ‘মারিঙ্গা পোস্ট’-এর বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্যারানা পরিবেশ প্রযুক্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থা (সিমেপার) জানিয়েছে, ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮১ কিলোমিটারে পৌঁছায়। এছাড়া মধ্যরাত থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত শহরটিতে ৩৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
প্যারানা এনার্জি কোম্পানি কোপেলের তথ্য অনুযায়ী, সোমবার সকালে ৮২ হাজার ২০০টির বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। এতে মারিঙ্গা শহরের প্রায় ৩৪ শতাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়া গাছ সড়কে পড়ে যান চলাচলে বাধা সৃষ্টি করার পাশাপাশি বেশ কিছু পার্ক করা গাড়ি ও একটি গির্জার দেয়ালে আছড়ে পড়ে মারাত্মক ক্ষতি সাধন করে। এছাড়া বেশ কয়েকটি ভবন, বাড়ির ছাদ, ট্রাফিক সিগন্যাল, একটি গ্যাস স্টেশন এবং শহরের ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এইচ/এম