ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বেশি দুর্বল ও ঝুঁকির মুখে পড়েছে
বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
জর্জিয়া অঙ্গরাজ্যের মোরো শহরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর যুক্তির তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ২০১৫ সালে তাঁর প্রশাসনের আমলে তেহরানের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছিল, যার ফলে তাদের কোনো পারমাণবিক অস্ত্র ছিল না।
নিজের শাসনামলের সফলতার কথা উল্লেখ করে ওবামা বলেন, “আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি, আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।”
ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামরিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে তিনি সতর্ক করে বলেন, “এই যুদ্ধের কারণে আমাদের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, আমেরিকানরা নিহত ও শত শত আমেরিকান আহত হয়েছেন। পাশাপাশি আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় দেশ আরও ঝুঁকির মুখে পড়েছে। উপরন্তু, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা পেয়ে গেছে ইরান, যার সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আশঙ্কাজনকভাবে বেড়েছে।”
এসআর