[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

স্পেনে ভয়াবহ দুই ট্রেন সংঘর্ষ: প্রাণহানি বেড়ে ৫০, আহত পৌনে দুই শতাধিক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ৬:২২ পিএম

সংগৃহীত ছবি

স্পেনে দুটি উচ্চগতির (হাই-স্পিড) ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০

 জনে দাঁড়িয়েছে। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় আরও অন্তত ১৭৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার তীব্র আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

​স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে স্পেনের তোলেদো প্রদেশের মোরা, ওরগাজ ও উরদা গ্রামের মধ্যবর্তী অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনার বিবরণ:

মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী রেললাইনে রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘রেনফে’ (Renfe)-এর একটি এভিই (AVE) দ্রুতগতির ট্রেন সামনে থাকা বেসরকারি সংস্থা ‘ইরিও’ (Iryo)-র একটি ট্রেনের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। জানা গেছে, ইরিও ট্রেনটি লাইনে থামানো বা খুব ধীরগতিতে চলছিল। ধাক্কার প্রচণ্ডতায় ইরিও ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাহাড়ের ঢাল বেয়ে খাদে পড়ে যায়।

​দুর্ঘটনাকবলিত রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং ইরিও ট্রেনে ১৪৭ জন যাত্রী ভ্রমণ করছিলেন।

​উদ্ধার অভিযান ও ট্রেন চলাচল বন্ধ:

দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, ১৬টি অ্যাম্বুলেন্স এবং ৩টি উদ্ধারকারী হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে জরুরি আপদকালীন অবস্থা ঘোষণা করেছে। বড় আকারের উদ্ধার তৎপরতার সুবিধার্থে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যবর্তী সকল হাই-স্পিড ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

​প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ:

ভয়াবহ এই প্রাণহানির ঘটনায় তীব্র শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় তিনি গভীর মর্মাহত বলে জানান। তিনি পরিবহন মন্ত্রী ও স্থানীয় প্রাদেশিক প্রধানদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখছেন এবং নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর